ইশতিয়াক হাসানের দুই বই
লেখক: মাহমুদ (Mahmud) · ১৭ এপ্রিল, ২০২৬ · বিভাগ: বই রিভিউ
লেখক-অনুবাদক ইশতিয়াক হাসানের থ্রিলার 'অশুভ আতঙ্ক' ও অনুবাদ বই 'বাংলার পাহাড়ে জঙ্গলে' নিয়ে আলোচনা
এইবারের বইমেলায় ছোট ছোট পাঁচটা বই চোখে পড়ল। ঐতিহ্যর স্টলে দেখলাম। আবার দেখলাম দুইজনের কেনা বইয়ের মধ্যে। নামগুলা ইন্টারেস্টিং। আর বইগুলা নাকি নাহিদ নামের এক গোয়েন্দার কাজকারবার নিয়ে লেখা। এমনিতে আমার কেনার তালিকায় ছিল 'বাংলার পাহাড়ে জঙ্গলে'। ইশতিয়াক হাসান বহুদিন ধরে অনুবাদ করতেছেন। বিশেষত আমি চিনতাম তাকে কেনেথ অ্যান্ডারসনের বইয়ের অনুবাদ করার জন্য। তারপর নাহিত সিরিজ দেখে মনে হইলো একই লেখক হবে, নিয়া নিই একটা বই।
অশুভ পাহারাদার বইয়ের গল্পটা পুরনো আমলের গোয়েন্দা গল্পের ধাঁচের। মানে হেমেন্দ্রকুমার রায়রা যে ধারার গল্প বলতেন। ইনভেস্টিগেশন আছে তবে ব্যাখ্যাতীত কিছু শক্তি এসবের পেছনে কাজ করে, এমন আরকি। রহস্য আছে, তবে যুক্তির চেয়ে রোমাঞ্চ এসব গল্পে বেশি। অশুভ পাহারাদারও তেমনই।
গল্পটা পড়তে মজা লাগে। শুরুটা আমাদের পরিচিত গোয়েন্দা গল্পের সেটআপে। একটা আক্রমণ, তার সঙ্গে নাহিদের বন্ধুর যোগসূত্র থেকে কেস ও গল্পের শুরু। সেই গল্প আমাদেে নিয়ে যায় পার্বত্য চট্টগ্রামে। একটা বনেদি বাড়ির ইতিহাস, একটা মন্দির আর সেই মন্দিরের রক্ষকদের নিয়ে এই উপন্যাস। রক্ষক কারা, সেটা জানলে পাঠক আশ্চর্য হবেন। অবিশ্বাস্য লাগবে তবে একটা যুক্তিগ্রাহ্য ব্যখ্যা রাখার চেষ্টা আছে।
কিশোরদের পড়ার জন্য বা আপনার রিডার্স ব্লক কাটানোর জন্য বইটা ভালো কাজে দিতে পারে। যারা 'যকের ধন' ঘরানার লেখা পড়ে আসছেন, তাদের নস্টালজিয়া কাজ করবে৷ আরো নস্টালজিয়া কাজ করবে হয়ত লেখকের মধ্যেও করেছে। নাহিদ তার সেগুনবাগিচার বাসা থেকে সেবা প্রকাশনী দেখে এবং বইটার কয়েক জায়গাতে সেবাকে দারুণ ট্রিবিউট দেয়া হইছে।
পাহাড়ে-জঙ্গলে পড়া চলতেছে। থেমে থেমে পড়তেছি। ইশতিয়াক হাসান বেশ সময় নিয়ে, বেছে কাজটা করছেন। তবে ব্রিটিশদের রেখে যাওয়া এইসব নথি, জার্নাল অনুবাদের যেমন হ্যাপা আছে, পড়ারও হ্যাপা আছে। একটা জিনিস পড়ে চারটা জিনিস সার্চ দিতেন চায়। তবে পড়তে ভালো লাগে।