লার্জার দ্যান লাইফ কবির বেদী
লেখক: মাহমুদ (Mahmud) · ২২ এপ্রিল, ২০২৬ · বিভাগ: বই রিভিউ
অভিনেতা কবির বেদীর জীবনে নানা উত্থান পতন আছে। সেই সঙ্গে আছে কিছু বিতর্ক। আত্মজীবনীতে এসব নিয়েই লিখেছেন তিনি।
কবির বেদীকে এতোদিন চিনতাম দীর্ঘদেহী, মন্দ্রকণ্ঠের এক অভিনেতা হিসেবে। ‘ম্যায় হুঁ না’র জেনারেল কিংবা ‘মোহেন জো দারো’র মাহাম। এর বাইরে ছোট বড় নানা চরিত্রে। কিন্তু তিনি যে ইতালিতে ‘সান্দোকান’ নামে পরিচিত তা জানতাম না। মূলত কবির বেদী, ভারতের চেয়েও ইতালিতে বড় মাপের তারকা। কিন্তু তার চেয়েও কৌতূহলোদ্দীপক তার নিজের জীবন, পরিবার ও অভিজ্ঞতা।

কবিরের বাবার নাম বাবা বেদী। কবির গুরু নানকের ১৭তম উত্তরসূরী। বাবা বেদী আবার প্রথমে কমিউনিস্ট, পরে একজন ‘প্রায় সাধু’। কবিরের মা ইংরেজ, পরবর্তীতে ভিক্ষুণী হয়ে বিশ্বে বুদ্ধের মহিমা প্রচার করেছেন। সনাতন ধারায় না, রীতিমতো সেমিনার, কনফারেন্স করে। কবির নিজেও ছোটবেলায় ন্যাড়া হয়ে ভিক্ষুর পোশাক পরেছিলেন তবে এর পরের জীবন ছিল রোলার কোস্টার রাইড।
বিটলসের সাক্ষাৎকার নেওয়া থেকে তার যাত্রা এবং এই বইয়ের সূচনা। বিশ পার করে তিনি অল ইন্ডিয়া রেডিও পরে বিজ্ঞাপন বানাতে গেলেন। এরপর এলেন অভিনয়ে। তার আগেই প্রতিমা বেদীর সঙ্গে পরিচয়, প্রেম, পরিণয়। প্রতিমা পরবর্তীতে নৃত্যে বিশেষ নাম করেছিলেন। কিন্তু কবির-প্রতিমার সংসার টেকেনি। এরপর পারভীন বাবি থেকে শুরু করে শেষ বয়সে পারভীন দুশানঞ্জের সঙ্গে কবিরের সংসার। এর মধ্যে ঘটে গেছে বহু ঘটনা। কবির অভিনয় করেছেন, কবির ব্যবসা করেছেন, কবির জিতেছেন, হেরেছেন। সেই সব কিছুর গল্প নিয়েই এই বই।
ওয়েস্টল্যান্ডের বইটা অন্তত বছর তিনেক চোখের সামনে দেখি। কবির বেদীর বই আদৌ পড়ব কিনা, সেই চিন্তার থেকে দামের চিন্তাটাই বেশি ছিল। ৭০০ রুপির বইটা অবশ্য পড়ার পর মনে হলো, বেশ বেশ। বিশেষত এই যে কবিরের এক্সট্রা অর্ডিনারি, বিচিত্র জীবন, সেটা জানার পাশাপাশি দেখলাম কবির ‘ওয়েল রিড’। বিটলস, ডিলানের গানের পাশাপাশি গীতা থেকেও কোট করেন তিনি। ইসলাম নিয়ে দুই লাইন বললেও সেখানে দ্বেষ নাই। মানুষকেও দেখেন মানুষের নজরে। সেই সবকিছুর সাথে বলিউড, ইতালি, হলিউডের অভিজ্ঞতা মিলায়ে গুড রিড একটা বই।